২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা চলবে’

দলিল হওয়ার পরও ‘প্লট বুঝিয়ে না দিয়ে বরাদ্দ বাতিল করায়’ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানসহ পাঁচ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন খারিজ করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 12:36 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

মামলাটি বাতিলে একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে হাই কোর্টের বিচারপতি নিজামুল হক নাসিমের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।

মামলাটির বিষয়ে দেয়া রুল খারিজ করে মামলার কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে আদালত।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন আর মামলাটি চলতে আর কোনো আইনি বাধা নেই।

“রায়ে মামলার কার্যক্রমের ওপর থাকা স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। ফলে মামলাটি কার্যত আবার সচল হলো।”

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, বসুন্ধরা চেয়ারম্যান এই মামলায় জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী এখন তাকে নিম্ন আদালতে যেতে হবে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক এবং জালাল আহমেদ স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।   

বাদীর দাবিকে উদ্বৃত করে মামলার নথিতে বলা হয়, ২০০৭ সালের ৬ জুন একটি জাতীয় দৈনিকে এককালীন দামে প্লট বিক্রির বিজ্ঞাপন দেয়া বসুন্ধরা গ্রুপ। বাদী বারিধার প্রকল্পের এ ব্লকের ২২৩, ২২৪, ২২৫ নম্বর প্লট কিনতে মোট ৩ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকা পরিশোধ করেন। এরপর তিনি প্লটের দলিলও পান। 

কিন্তু এরপর বসুন্ধরা কর্তৃপক্ষ বাদীকে জানায়, দাম বেড়ে যাওয়ার প্লট বুঝে পেতে তাকে আরো তিন কোটি টাকা দিতে হবে।

২০১১ সালের অক্টোবরে জমিতে বাড়ি করার পরিকল্পনার কাগজপত্র করতে গিয়ে বাদী শোনেন, তিনটি প্লটের বিপরীতে ৩ কোটি টাকা না পাওয়ায় তার বরাদ্দ বাতিল করা হয়েছে। দক্ষিণ গোড়ানের হাসিব খান নামের এক ব্যক্তি তিনটি প্লটের জন্য বায়নাও দিয়েছেন। এরপর আদালতে মামলা করেন ব্যবসায়ী সেলিম আহমেদ।

মামলার নথিতে অভিযোগ করা হয়, বাদীর আত্মীয় স্বজনদের ১৪টি প্লটের বরাদ্দ এভাবে বাতিল করে বসুন্ধরা চেয়ারম্যান কোটি কোটি টাকা আত্মসাত করেছেন।

এ মামলার পাঁচ বিবাদী হলেন- ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আহমদ আকবর সোবহান ওরফে শাহ আলম, আবাসন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের শ্যালক মাহবুব মোর্শেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল ইসলাম, শাহ আলমের ছেলে সাদত সোবহান, কোম্পানির সহকারী জেনারেল ম্যানেজার এমএ হাসান।

ঢাকার হাকিম আদালত ২০১২ সালের ১১ সেপ্টেম্বর অভিযোগ প্রাথমিকভাবে আমলে নিয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

নিম্ন আদালতে এই মামলা দায়েরের পর জামিনের জন্য হাই কোর্টে যান বসুন্ধরা চেয়ারম্যান। ২০১২ সালের ৮ জুলাই আদালত তাকে চার মাসের জামিন দেয়।

পৃথক আবেদনের প্রাথমিক শুনানি করে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামলা বাতিলের আবেদনে রুল জারি করে। পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করা হয়।

ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে এ বছরের ২৪ ফেব্রুয়ারি দ্বৈত বেঞ্চ যে রায় দেয় তাতে জ্যেষ্ঠ বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া মামলাটি বাতিলের নির্দেশ দিলেও কনিষ্ঠ বিচারপতি মামলা চালিয়ে যাওয়ার পক্ষে বলেন।

দ্বিধাবিভক্ত ওই রায়ের পর প্রধান বিচারপতির দপ্তর ঘুরে মামলাটি বিচারপতি নিজামুল হকের আদালতে আসে। সেখান থেকেই বৃহস্পতিবার চূড়ান্ত এই রায় এলো।

হাই কোর্টে স্থগিত হওয়ার আগে মামলাটি তদন্ত পর্যায়ে ছিল। সেখান থেকেই এখন মামলাটির কার্যক্রম শুরু হবে।