২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ পুনঃতফসিলে সময় বাড়ল

সরকারের মেয়াদ সাত মাস বাকি থাকতে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমিয়ে আনার চেষ্টায় ঋণ পুন:তফসিলের সময় বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

ঋণ শ্রেণীকরণ ও পুনতফসিলিকরণ নীতিমালা শিথিলের মাধ্যমে ব্যবসায়ী শিল্পপতিদের এই সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি দেশের ব্যাংকগুলোতে খেলাপী ঋণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

বুধবার আলাদা দুটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দেয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা ওই সার্কুলারের একটিতে ঋণ পুণতফসিলের সময় ‘সর্বোচ্চ এক বছর’ বাড়ানো হয়েছে।

অন্যটিতে খেলাপী ঋণের বিপরীতে ব্যাংকের প্রভিশনের (নিরাপত্তা সঞ্চিতি) হার কমানো হয়েছে। এর ফলে ব্যাংকগুলোর প্রভিশনিংয়ে ৫০০ কোটি টাকা কম লাগবে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলন করে এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করেন এস কে সুর চৌধুরী।

তিনি বলেন, “মেয়াদী ঋণ ও সল্পমেয়াদী কৃষি ও ক্ষুদ্র ঋণ পুনঃতফসিলভুক্ত করার জন্য সময় বাড়ানো হয়েছে। মেয়াদী ঋণের ক্ষেত্রে প্রথম পুনতফসিলের জন্য ৩৬ মাস, দ্বিতীয় পুনতফসিরের জন্য ২৪ মাস এবং তৃতীয় পুনতফসিলের জন্য ১২ মাস সময় নির্ধারণ করা হয়েছে।”

এতাদিন প্রথম পুনতফসিলের জন্য সময় ছিল ২৪ মাস, দ্বিতীয় পুনতফসিলের জন্য ১৮ মাস এবং তৃতীয় পুনতফসিলের জন্য ১২ মাস।

অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পুনতফসিলের ক্ষেত্রে যথাক্রমে ১২ ও ৬ মাস করে সময় বাড়ানো হলো।

এর ফলে তিন দফায় নিন্মমানে (সাব-স্টান্ড্যার্ড) শ্রেণীকৃত একটি ঋণ পুনতফসিল করা হলে তা পরিশোধের সময় পাওয়া যাবে ৬ বছর। আগে এই সময় ছিল সাড়ে ৪ বছর।

‘সন্দেহজনক ও ক্ষতিকর’ বিবেচিত খেলাপী ঋণের ক্ষেত্রেও একই হারে সময় বাড়ানো হয়েছে। 

প্রভিশনিংয়ের বিষয়ে এস কে সুর বলেন, বিশেষ উল্লেখিত হিসাবের (এসএমএ) ক্ষেত্রে এতোদিন ৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হতো। এখন তার বদলে ক্ষুদ্র ও মাঝারি ঋণের ক্ষেত্রে দশমকি ২৫ শতাংশ, ভোক্তা ঋণের ক্ষেত্রে আগের মতো ৫ শতাংশ, গৃহঋণ, পেশাজীবী ঋণ ও বিনিয়োগ ব্যাংকের (মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউজ ও স্টক ডিলার) ক্ষেত্রে ২ শতাংশ এবং অন্যান্য সব ঋণের ক্ষেত্রে ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এর ফলে ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি হিসাবে আগের তুলনায় ৫০০ কোটি টাকা কম জমা রাখলেও চলবে। এই অর্থ তারা পূঁজিবাজারসহ অন্যান্য খাতে বিনিয়োগও করতে পারবে। 

ডেপুটি গভর্নর বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় ভাল হলেও খেলাপী ঋণের নতুন নীতিমালার কারণে ব্যাংক খাতে আগের তুলনায় ২ শতাংশ খেলাপী ঋণ বেড়েছে।

“অবকাঠামো সংকটে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভাল না। গ্যাস বিদ্যুতের অভাবে শিল্পের উৎসব কমে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্যে স্থবিরতা চলে এসেছে। এর মধ্যে ঋণ শ্রেণীকরণের নীতিমালা বাড়তি চাপ তৈরি করছে,” বলেন তিনি।  

গত মার্চ প্রান্তিক শেষে ব্যাংকিং খাতের খেলাপী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ হাজার ২০ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ৯০ শতাংশ।

এর আগের প্রান্তিকে এই হার ছিল মোট ঋণের ১০ শতাংশের কাছাকাছি।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের কারণে ছয় মাস পরে ব্যাংকিং খাতের খেলাপী ঋণের পরিমাণও কমবে।

গত বছরের জুন মাসে দুটি সার্কুলার জারি করে ঋণ শ্রেণীকরণ, প্রভিশন ও পুনঃতফসিলিকরণ নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীরা প্রথম থেকেই এই নীতিমালার বিরোধিতা করে আসছিলেন। এই প্রেক্ষিতে গত সেপ্টেম্বর ও মার্চ মাসে এই সার্কুলারে কিছুটা পরিবর্তন আনা হয়। সর্বশেষ বুধবার আবারও তা পরিবর্তন করা হলো।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান, মো. মনিরুজ্জামান, মো. নওশাদ আলী চৌধুরী উপস্থিত ছিলেন।