২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরমাণু কেন্দ্র চালানোর দায়িত্ব নিতে হবে’

পরমাণু বিদ্যুৎ পরিচালনার সক্ষমতা তৈরিতে দক্ষতা বাড়াতে তৎপর হতে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 07:23 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পারমাণবিক শক্তির গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বাংলাদেশের বিশেষজ্ঞদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “প্রতিটি ক্ষেত্রেই আমাদের দেশীয় সামর্থ্য অর্জন করতে হবে। এটা অত্যন্ত অপরিহার্য। আপনাদেরই একদিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্ব নিতে হবে।”

“আপনাদের সেই সামর্থ্য অর্জন করতে হবে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন রোসাটম যৌথভাবে রূপসী বাংলা হোটেলে এই সেমিনারের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সফল হলে দেশের দক্ষিণাঞ্চলেও একই ধরনের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

বক্তব্যের শুরুতেই রাশিয়াকে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র’ হিসাবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী।

“মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সরকার ও জনগণ আমাদের সমর্থন ও সাহস যুগিয়েছে। অত্যন্ত দুঃসময়ে তাদের পাশে পেয়েছি।”

মাইন ও ডুবন্ত জাহাজ অপসারণ করে চট্টগ্রাম ও মংলা বন্দরকে সচল, আশুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু এবং বিভিন্ন সেতু ও অবকাঠামো সংস্কারসহ স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের কাজেও রাশিয়ার সহযোগিতার কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

পাবনার রূপপুরে এক হাজার মেগাওয়াট ক্ষমতার দুই চুল্লীবিশিষ্ট একটি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে সরকার।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পরমাণু বিদ্যুৎ উৎপাদনে রাশিয়ার উন্নত প্রযুক্তি, ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে।

“সেই প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা নিরাপদ বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছি।”

এক্ষেত্রে নিরাপদ পারমাণবিক অবকাঠামো নির্মাণের ওপরে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “আমরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা-মান ও অন্যান্য আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।”

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন ২০১২ প্রণয়ন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি আইনি বাধ্যবাধকতার মধ্যে আনা হয়েছে। এই আইনের আওতায় একটি স্বাধীন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানটি রোসাটম ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ঘণিষ্ট যোগাযোগ রাখছে।

তিনি বলেন, “নিরাপত্তার ক্ষেত্রে আমরা কোনো আপোষ করবো না। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আমার বৈঠকের সময় আমি তাকে সবচেয়ে নিরাপদ এবং সর্বাধুনিক রি-অ্যাক্টর প্রদানের জন্য অনুরোধ করেছি। তিনি আমাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।”

যেকোনো দুর্ঘটনা মোকাবেলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি, পারমাণবিক বর্জ্য ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনারও ক্ষেত্রে রাশিয়া সহযোগিতা করবে বলে জানান তিনি।

“রাশিয়া পারমাণবিক চুল্লীর জ্বালানি বর্জ্য ফেরত নেবে,” বলেন শেখ হাসিনা।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোসাটম ঢাকায় যে নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি ইনফরমেশন সেন্টার স্থাপনের কাজ শুরু করেছে তা শিগগিরই কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

২০০৯ সালের জানুয়ারির পর দেশে তিন হাজার ৮৭০ মেগাওয়াট ক্ষমতার ৫৫টি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৫৩৭ মেগাওয়াটে উন্নীত হয়েছে। আরো ৩২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন আছে। এগুলো থেকে আসবে ৬ হাজার ৩৪৪ মেগাওয়াট। এছাড়াও ২১টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে দরপত্র আহ্বানের কাজ চলছে।

প্রায় ৩০ লাখ নতুন গ্রাহক বিদ্যুৎ পেয়েছেন। দেশের ৬০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে চায়। এজন্য মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে। এর অংশ হিসাবেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে অন্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. রফিকুল ইসলাম এবং রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে সেদেশের রাষ্ট্রদূত অালেক্সান্দার এ নিকোলায়েভ বক্তব্য দেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান আবু সায়ীদ মোহাম্মদ ফিরোজ।

পুরনো খবর:

‘ঢাকা-মস্কো সম্পর্ক নতুন উচ্চতায়’
পরমাণু কেন্দ্রের কাজ সেপ্টেম্বরে