চট্টগ্রামে পুলিশের বাধায় বিএনপির মিছিল পণ্ড
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মশাল মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক তাবারুল হক জানান, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম বিএনপির কার্যালয় নাসিমন ভবন থেকে মশাল মিছিল শুরুর প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
বিএনপি নেতাকর্মীরা এরপর তাদের কার্যালয়ের ভেতরে অবস্থান নেন।
চট্টগ্রাম কোতোয়ালী জোনের দায়িত্বে থাকা নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আদুল রউফ বলেন, “তারা আক্রমণাত্মক হয়ে বের হতে চাইলে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে তাদের সরিয়ে দিয়েছে।”
এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক পাঁচ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। দুদকের করা এক মুদ্রা পাচার মামলায় তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে গত রোববার পরোয়ানা জারি করে আদালত।
এর প্রতিবাদে বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালও ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
