সাতক্ষীরায় ৬ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার
সাতক্ষীরা সদরে হরতালে নাশকতার অভিযোগে ৬ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে সদর উপজেলার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গত রোববার ১৮ দলের হরতালের সময় যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
তারা হলেন- সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের পুটে মিস্ত্রি (৪৫), উপজেলার বলাডাঙ্গা গ্রামের আব্দুল জব্বার সরদার (৫০), একই গ্রামের মো. ডালিম মিয়া (২৫), তার পিতা নাসির উদ্দীন (৫০), মাহাবুবুর রহমান (৪৬) ও বাঁশঘাটা গ্রামের আবু সাঈদ (৩০)।
সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ আমান সাংবাদিকদের জানান, গত রোববার হরতালের সময় সাতক্ষীরা-খুলনা সড়কের ছয়ঘরিয়া মোড়ে রোজিনা পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগ করে জামায়াত-শিবিরকর্মীরা।
তারা প্রধান সড়কে গাছ ফেলে জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ঘটনায় ওইদিনই পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।
এ মামলায় ছয় জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
