আশুলিয়ায় ৪ কারখানায় শ্রমিক অসন্তোষ
কারখানা খুলে দেয়া ও বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার আশুলিয়ায় চারটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।
সড়কে বিক্ষোভ করার সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ শ্রমিক আহত হয়।
বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়ায় জামগড়া এলাকার সাদাপিয়া সোয়েটার্স লিমিটেড ও আউখপাড়া এলাকার ডাইনেস্টি সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।
একই এলাকার ইসলাম গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি করছে।
এছাড়া কাঠগড়া এলাকার কন্টিনেন্টাল গার্মেন্টস কর্তৃপক্ষ বিক্ষোভের মুখে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
শিল্প পুলিশের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামগড়া এলাকার সাদাপিয়া সোয়েটার্স লিমিটেড কারখানার ৭টি শাখা রয়েছে। এরমধ্যে চারটি শাখা গত কয়েকদিন আগে থেকেই বন্ধ রয়েছে। অন্য তিনটি শাখার কয়েকশ’ শ্রমিক সকালে এসে কাজ না করে বেরিয়ে যায়।
এ সময় তারা দাবি জানায়, বন্ধ শাখা খুলে দিতে হবে, অথবা খোলা শাখাগুলো বন্ধ করে দিতে হবে।
এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি যানবাহন ভাংচুর করে।
এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, জামগড়ার ইসলাম গার্মেন্টসের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে সকালে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।
এছাড়া কাঠগড়া এলাকার কন্টিনেন্টাল গামের্ন্টস লিমিটেডের শ্রমিকরা বেতন-ভাতা, টিফিন ফি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করলে সকাল ১১টার দিকে কর্তৃপক্ষ কারখানাটি এক দিনের ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা চলে যায়।
শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অব্যাহত শ্রমিক অসন্তোষ ও রোববার ভাংচুরের অভিযোগে সকালে আউখপাড়া এলাকার ডাইনেস্টি সোয়েটার লিমিটেড কারখানা অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ।
সকালে কারখানাটির প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। তাৎক্ষণিক কারখানার সামনে বিক্ষোভ শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে পুলিশ।
কারখানাটিরতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।
