চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হন সাতজন।
শিবগঞ্জ থানার এসআই মোজাম্মেল হক বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, হতাহতরা সবাই ওই ট্রাকের যাত্রী ছিলেন। তারা সবাই ধানকাটা শ্রমিক।
নিহতরা হলেন ধাইনগর ইউনিয়নের পোলাডাঙ্গা গ্রামের ফাকু মন্ডলের ছেলে মেশের মণ্ডল (৬০) এবং গোপ্তমানিক গ্রামের সামসুদ্দিনের ছেলে সাদিকুল ইসলাম (৪৫)।
আহত মতিউর রহমান (৫০), আবু তাহের (৫৫), বাবু (১৮), শরিফ (২৭), খালেক (৩০), আজিজুল (২২) ও সবুর(২৩) ধাইনগরের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
তাদের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হাসপাতালে পাঠানো হয় বলে জানান এসআই মোজাম্মেল।
তিনি বলেন, ধান বোঝায় ট্রাকটি ধাইনগরের দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে পিঠালীতলা মোড়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকের উপর থাকা দুই শ্রমিকের।
লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
