২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে চাঁদা না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদা না পেয়ে দোকানদারকে ছাত্রলীগকর্মীরা ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 01:43 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

প্রতিবাদে সোমবার ক্যাম্পাসের ব্যক্তি মালিকানাধীন সব দোকানপাট বন্ধ রেখেছে দোকান মালিক সমিতি।

ছাত্রলীগকর্মী গত শনিবার রাতে একটি আবাসিক হলে দোকানদার জিয়াউর রহমানকে ছুরিকাঘাত করে।

আহত জিয়াউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে শনিবার রাতে শাহজালাল হলে ডেকে নিয়ে তার কাছে প্রতিমাসে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান মিনুসহ কয়েকজন।

তিনি রাজি না হওয়ায় তার মাথায় ছুরিকাঘাতে জখম করা হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন।

তবে ছাত্রলীগকর্মীদের ভয়ে ওই দিন ঘটনাটি কাউকে বলেননি দাবি করেন জিয়াউর।

দোকান মালিক সমিতির সভাপতি সেকান্দার হোসেন বলেন, “চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীরা জিয়াউরকে জখম করেছে। এর বিচার চেয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি।”

প্রশাসনের আশ্বাসে কয়েকটি দোকান দুপুরে খুলে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের শাস্তি না দেয়া পর্যন্ত অন্যান্য দোকানপাট বন্ধ রাখা হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শাস্তি দেয়া হবে বলে জানান তিনি।