নারায়ণগঞ্জে ছাত্রদলে মিছিলে পুলিশে লাঠিপেটা, আহত ১০
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে দুইজনকে।
সোমবার দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় মিছিল বের করে পুলিশ লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সভা শেষে একটি মিছিল বের করে ছাত্রদল। পরে পুলিশ লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোণের ঘটনা ঘটে।
লাঠিপেটায় মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহেদ আলমসহ ১০ জন আহত হয়।
এ ব্যাপারে মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রশিদুর রহমান রশু অভিযোগ করেন, পুলিশ বিনা উস্কানিতে তাদেরকে লাঠিপেটা করে।
তবে তারা হাতবোমার বিস্ফোরণ ঘটাননি বলেও দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাদেরকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।
