‘মাহমুদুরের সম্পদ হিসাবের মামলা চলবে’
সম্পদের হিসাব না দেয়ায় করা মামলা বাতিলে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
আদালত একইসঙ্গে ওই মামলার ওপর দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার করেছে।
আদালতের এই আদেশের ফলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ওই মামলা চলতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
সম্পদের হিসাব না দেয়ার অভিযোগ প্রমাণিত হলে আইনে সর্বোচ্চ তিন বছর সাজা দেয়ার বিধান রয়েছে বলেও জানান এই আইনজীবী।
সম্পদের হিসাব চেয়ে ২০১০ সালের ১৯ এপ্রিল মাহমুদুরের সম্পদের হিসাব চেয়ে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও হিসাব না দেয়ায় একই বছরের ১৩ জুন গুলশান থানায় মামলা করে দুদক।
পরে মামলা বাতিলে মাহমুদুর ২৩ সেপ্টেম্বর হাই কোর্টে আবেদন করেন। এই আবেদনের শুনানি করে ২৮ এপ্রিল মামলাটি স্থগিত করে দেয় আদালত। পাশাপাশি মামলা বাতিলে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
ওই রুলের চূড়ান্ত শুনানি করে বাতিলের ওই আবেদন খারিজ করলো আদালত।
খুরশীদ আলম খান বলেন, রুল ও স্থগিতাদেশ দেয়ার আগে মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য ছিলো। এরপর মামলাটি স্থগিত হয়ে যায়।
এখন ওই পর্যায় থেকেই আবার মামলাটির কার্যক্রম শুরু হবে।
