শেওড়াপাড়া ও কলাবাগানে শ্রমিক বিক্ষোভ
বেতন ও ওভারটাইমের দাবিতে মিরপুরের শেওড়াপাড়ায় এবং কারখানা স্থানান্তরের প্রতিবাদে কলাবাগানে সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছে পোশাক শ্রমিকরা।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেওড়াপাড়ার দুটি কারখানার শ্রমিকরা বেতন ভাতার দাবিতে সকালে বিক্ষোভ শুরু করে। তাদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।”
শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়াও হয়। তবে পুলিশ বিষয়টি স্বীকার করেনি।
কাফরুল থানার ওসি ওয়াজেদ আলী জানান, শ্রমিকরা সরে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে বেলা সাড়ে ১১টার দিকে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।
এদিকে বেলা ১১টার দিকে কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কলাবাগানের বসুন্ধরা গার্মেন্টের শ্রমিকরা মিরপুর রোডে নেমে বিক্ষোভ শুরু করে।
কলাবাগান থানার ওসি এনামুল হক জানান, “শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করি। পরে কারখানা মালিক মো. শহীদুল্লাহ আমাদের লিখিত দিয়েছেন যে তিনি ডিসেম্বর পর্যন্ত কারখানা সরাবেন না।”
মালিকের আশ্বাসে দুপুর দেড়টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
এর আগে ভবনের চতুর্থ তলায় মালিকের কক্ষে শ্রমিকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল, ধানমন্ডি থানার ওসি মো. আনোয়ার হোসেন ও এসি ট্রাফিক (ধানমন্ডি) গাজী রবিউল ইসলাম বৈঠক করেন।
