ফরিদপুরে মঙ্গল ও বুধবার হরতাল
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গল ও বুধবার ফরিদপুর জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি ও যুবদল।
সকালে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া লিখিত বক্তব্যে বলেন, বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলায় হরতাল পালন করবেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মোদাসসের আলী ইসহাক, যুগ্ন সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ সংগঠনের নেতাকর্মীরা।
একইস্থানে দুপুর ১২টার দিকে আরেকটি সংবাদ সম্মেলন করে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন (মঙ্গলবার) ২৮ মে জেলায় ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতালেরে ঘোষণা দেন।
এ সময় জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমদ তাবরীজ, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহিলা দল নেত্রী নাজনীন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা যুবদল নেতারা আগামী বুধবার জেলা বিএনপির ডাকা অর্ধদিবস হরতালেও সমর্থন জানান।
মুদ্রা পাচারের মামলায় রোববার ঢাকার একটি আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
