চট্টগ্রামে অটোরিকশাসহ গ্রেপ্তার ৩ ছিনতাইকারী
চট্টগ্রামে অটো রিকশাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত এবং রোববার সকালে নগরীর কর্নেল হাট ও হালিশহর নয়াবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- টিপু সুলতান (৩৫), মিজানুর রহমান ওরফে সাদ্দাম (২২) ও আবদুল কাদের (২৯)।
হালিশহর থানার ওসি শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে কর্নেল হাট এলাকায় সাদ্দাম এবং টিপুর মারামারি হয়। স্থানীয়দের কাছে সেই খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশের সহায়তায় টিপুকে গ্রেপ্তার করা হয়।
টিপুর দেয়া তথ্যে রোববার সকালে হালিশহর নয়াবাজার এলাকা থেকে সাদ্দাম ও কাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
ওসি বলেন, এই তিনজনই ছিনতাইকারী দলের সদস্য। কাদের অটো রিকশার মালিক এবং সাদ্দাম অটোরিকশা চালায়।
গত ১৯ মে হালিশহরে একটি ছিনতাইয়ে তারা জড়িত ছিলো বলে পুলিশ কর্মকর্তা শাহজাহান জানান।
