২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

রোববার দুপুরে শাহী মসজিদ এলাকার খাল থেকে নাজিম উদ্দিনের (২০) লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ফারুক নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

নিহত নাজিম বন্দর কলাবাগ এলাকার আজিজুর রহমানের ছেলে। তিনি ফতুল্লার রামারবাগে মেট্রো গার্মেন্টস কারখানায় কাজ করতেন।

নিহতের চাচা সামসুল হক সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার কলাবাগ এলাকায় তার ছেলে রাজীবের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে নাজিম উদ্দিনকে ডেকে নিয়ে যায় একই এলাকার ফারুক। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলনা।

ফারুক ও তার বন্ধু রকিবের সঙ্গে কিছুদিন ধরে ফারুকের বিরোধ চলছিল বলেও অভিযোগ করেন সামসুল।

বন্দর থানার ওসি আকতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।