শিশুদের তহবিল সংগ্রহে পর্তুগীজ নারীর এভারেস্ট জয়
বাংলাদেশের বস্তির শিশুদের অবস্থার উন্নয়নে তহবিল সংগ্রহ করতে এভারেস্ট চূড়ায় উঠেছেন দুবাইপ্রবাসী এক পর্তুগীজ নারী।
পর্বতারোহী মারিয়া কনসিকাউ ‘মারিয়া ক্রিস্টিনা ফাউন্ডেশনের’ নামে একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা, যেটি বাংলাদেশের বস্তির শিশু-কিশোরদের শিক্ষা, স্বাস্থ্য সেবা দেয়াসহ দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কাজ করছে।
মঙ্গলবার মারিয়া আরো তিন পর্বতারোহীর সঙ্গে এভারেস্ট চূড়ায় পৌঁছান।
অন্য তিন পর্বতারোহী হলেন- শারজা প্রবাসী কাতারের নাগরিক শেখ মোহাম্মদ আস সানী, কুয়েতি বংশোদ্ভূত ফিলিস্তিনের নাগরিক দুবাইপ্রবাসী রায়েদ জিদান, ইরানি মাসুদ মোহাম্মদ।
তবে এখন পর্যন্ত তিনি কত সংগ্রহ করেছেন তা হিসাবের অপেক্ষায় রয়েছে।
৩৫ বছর বয়সী মারিয়া বলেন, “আমি যে অপ্রত্যাশিত সমর্থন পেয়েছি, তাতে গভীরভাবে সম্মানিত বোধ।আমি অভিভূত।”
তিনি বলেন, “আরোহণেরসমস্ত শারীরিক কষ্ট চূড়ায় পৌঁছার সঙ্গে সঙ্গেই আমার অর্জন হয়ে গেছে। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের শিশুদের উন্নততর জীবনের সুযোগ নিশ্চিত করতে এখন আরো অনেকে আমার সঙ্গে যোগ দেবেন।”
এই পর্বতারোহনে পৃষ্ঠপোষকতা করেছে ইতিহাদ এয়ারওয়েজ ও নাইকির মতো শীর্ষ কোম্পানিগুলো।
বিমান সংস্থা এমিরেটসে বিমানবালা হিসেবে কাজ করার সময় একবার ঢাকায় এসে বস্তির শিশুদের জীবন-যাপন দেখে মারিয়ার জীবনের মোড় ঘুরে যায়। তিনি এই শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা দেয়ার জন্য কাজ শুরু করেন। ২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন মারিয়া ক্রিস্টিনা ফাউন্ডেশন।
দুবছর বয়সে মা অসুস্থ হলে ক্রিস্টিনা ম্যাতোস নামে এক বিধবা অ্যাংলো শরণার্থী তাকে নিজের কাছে নিয়ে বড় করেন। পর্বতের চূড়ায় পৌঁছে ম্যাতোসের একটি ছবি তুলে ধরে শ্রদ্ধা জানান মারিয়া।
