সিটি নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকে ধন্যবাদ: নাসিম
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসা বিরোধী দল সংসদের বিভিন্ন উপনির্বাচন বয়কট করলেও সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ায় তাদের ‘ধন্যবাদ’ জানিয়েছে ১৪ দল।
আগামী মাসে অনুষ্ঠেয় রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা প্রার্থী হয়েছেন।
১৪ দলের বৈঠকের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, “বিরোধী দলকে ধন্যবাদ জানাই, তারা এ সরকারের অধীনে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে।”
এর ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনেও বিরোধী দলের অংশগ্রহণ আশা করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
মেয়র পদে রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, বরিশালে শওকত হোসেন হিরণ, সিলেটে বদর উদ্দিন আহমেদ কামরান, খুলনায় তালুকদার আব্দুল খালেককে ১৪ দল সমর্থন দিয়েছে। এরা চারজনই আওয়ামী লীগ নেতা।
নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনেও মেয়র পদে আওয়ামী লীগের আজমত উল্লাহ খানকে ১৪ দল সমর্থন দিচ্ছে বলে নাসিম জানান।
১৮ দলের হরতালের সমালোচনা করে তিনি বলেন, সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানানোর পর এই হরতাল আহ্বান দুঃখজনক।
এতে সংলাপের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন নাসিম। তিনি বিরোধী দলকে সংসদে গিয়ে আলোচনার পরামর্শ দেন।
আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে ১৪ দলের এই বৈঠকে সভাপতিত্ব করেন গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাসদ নেতা শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী বৈঠকে ছিলেন।
