খুলনায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় তিন প্রার্থী
সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববারে খুলনায় মেয়র পদে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
ফলে এ নির্বাচনে শেষ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থীর মধ্যে লড়াই হবে।
খুলনার রির্টানিং কর্মকর্তা মোস্তফা ফারুক সাংবাদিকদের জানান, বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগর কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু এবং মুসলিম লীগের মহানগর সভাপতি সিরাজুল ইসলাম মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
“আওয়ামী লীগের মহানগর সভাপতি ও বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক, বিএনপির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জাতীয় পার্টি (এ) জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধুর মধ্যে মেয়র পদে লড়াই হবে।”
সোমবার তাদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে।
এছাড়া ৩১টি ওয়ার্ডে ১৩৭ জন সাধারণ কাউন্সিলর এবং ১০টি সংরক্ষিত আসনে ৪৫জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান নির্বাচনী কর্মকর্তা।
