সিলেটে ৪ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে চার মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রোববার দুপুরে তারা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার এমএম এজহারুল হক।
এজহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন ও বেলা ১টার দিকে মহানগর বিএনপির সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানান।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শামসুজ্জামান জামান এবং সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব প্রতিনিধি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
চারজন মনোনয়নপত্র প্রত্যাহারের পর মেয়র পদে প্রার্থী রইলেন আর তিনজন।
এরা হলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এবং নাগরিক কমিটি ও ১৪ দল সমর্থিত বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সম্মিলিত নাগরিক জোট ও ১৮ দল সমর্থিত আরিফুল হক চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিমন।
ঘোষিত তফশিল অনুযায়ী গত ১৫ ও ১৬ মে মনোনয়নপত্র বাছাই করা হয়। ২৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। ভোটগ্রহণ হবে ১৫ জুন।
