২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ প্রাঙ্গণে বিরোধী দলীয় সাংসদদের মিছিল

১৮ দলীয় জোটের হরতালের সমর্থনে জাতীয় সংসদ প্রাঙ্গণে মিছিল করেছে বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 05:41 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল, নেতাকর্মীদের মুক্তি ও সভা সমাবেশে ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা এ হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন জোট।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “সরকারের নির্যাতন আর অত্যাচারের মুখে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।”

অবিলম্বে তত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারকে প্রতি আহবান জানান তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, “দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে হয়তো আমরা সংসদে যাব। কিন্তু আমরা সন্দিহান যে আওয়ামী লীগ আমাদের দাবি মেনে নেবে কি না।”

বর্তমান সরকারের মেয়াদে শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩ জুন।সংসদের সদস্যপদ টিকিয়ে রাখতে হলে বিএনপির সাংসদদের এই অধিবেশনে যোগ দিতে হবে।

নিয়ম অনুযায়ী, সংসদে টানা ৯০ কার্য দিবস অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। আর নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে টানা সংসদ বর্জন করে আসা বিরোধী দলের সদস্যদের অনুস্থিতি ৮৩ কার্যদিবস ছুঁয়েছে।