ফেনীতে স্কুলছাত্রী অপহরণ
ফেনীর সোনাগাজী উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন এক অপহরণকারীর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও অপহৃতের পরিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার আহম্মদপুর গ্রামের প্রবাসী আবু তাহেরের ছেলে আবুবক্কর ছিদ্দিক মেয়েটিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত এবং স্কুলে আসা যাওয়ার পথে তার পিছু নিত।
সকালে স্কুলের উদ্দেশে বের হয়ে পৌর এলাকার চৌধুরী লেনে এলে স্থানীয় আবু তাহেরের ছেলে আবু বকর ছিদ্দিক সাগরের নেতৃত্বে ৭/৮ জন দুর্বৃত্ত মেয়েটিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ছিদ্দিক, তার ভাই মোহাম্মদ সোহাগ ও মোহাম্মদ সুমন, মা বিবি কাওছার, সুজাপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোহাম্মদ ফয়সাল এবং চরচন্দিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ আলোসহ অজ্ঞাত পরিচয় ৫/৬ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুভাস চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার আসামি বিবি কাওছারকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
