২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইভিএমের ব্যবহার হবে কিনা ঠিক করবে জনগণ’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার হবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2013, 10:32 AM

Updated : 23 Aug 2022, 10:48 AM

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী মঙ্গলবার নাটোরে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

দুপুরে তিনি বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে সার্ভার স্টেশন ভবনের নামফলক উন্মোচন করেন।

ফলক উন্মোচনের পর তিনি সাংবাদিকদের বলেন, “আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সবরকম প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা সবদলের অংশগ্রহণে নির্বাচন করতে চাই।”

নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সবদল ঐকমত্যে পৌঁছবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান সানাউল্লাহ নূর খুন হওয়ার তিন বছর পরও নির্বাচন না করার বিষয়ে তিনি বলেন, এতদিন একটি বিধির কারণে নির্বাচন করা যায়নি।

ওই বিধি সংশোধন করা হয়েছে। খুব শিগগিরই নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে, বলেন তিনি।

সার্ভার স্টেশন ভবনের নামফলক উন্মোচনের সময় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চত্বরে ২৯ লাখ টাকা ব্যয়ে সার্ভার স্টেশন ভবন নির্মাণ করেছে নির্বাচন কমিশন।