খাইরুল হত্যা: জামায়াত-বিএনপির ২৭ নেতাকর্মী কারাগারে
যুবলীগ নেতা খায়রুল ইসলাম হত্যা মামলায় বিএনপি ও জামায়াতের ২৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে নাটোরের একটি আদালত।
সোমবার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পনের পর বিচারক গোলাম মাহফুজ তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠান।
একই সময় আসামিরা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের আরেকটি মামলায় জামিনের আবেদন করলে বিচারক তাও নাকচ করে দেন।
আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের হরতাল চলাকালে নাটোরের লালপুর থানার কদিমচিলান এলাকায় স্থানীয় যুবলীগ নেতা খায়রুল ইসলামকে হত্যা করা হয়। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাংচুর ও জ্বালিয়ে দেয়।
একই সময় জ্যেষ্ঠ বিচারিক হাকিম জুলকার নাইনের আদালতে নাটোরের বাগাতিপাড়া থানার বিস্ফোরক দ্রব্য আইনের আরেকটি মামলায় জামায়াত-শিবিরের ৫২ নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক সকলের জামিন মঞ্জুর করেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী রুহুল আমীন তালুকদার।
