২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস: বাকি পাঁচটি লাশেরও পরিচয় মেলেনি

সাভার ধসে নিহতদের মধ্যে অসনাক্ত যে পাঁচটি লাশ মর্গে ছিলো, কোনো দাবিদার না মেলায় সেগুলোও আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 10:48 AM

ধসে পড়া রানা প্লাজায় উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার ১১ দিন পর সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে দুটি এবং মিটফোর্ড মর্গ থেকে তিনটি লাশ জুরাইনে দাফন করা হয়।

এ নিয়ে ওই ভবন ধসে নিহতদের মধ্যে ২৯১ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে বলে অাঞ্জুমান মফিদুল ইসলামের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গত ২৪ এপ্রিল এই ভবন ধসে নিহতের সংখ্যা ১ হাজার ২৭ জন, যার অধিকাংশই পোশাক শ্রমিক।  

ভবন ধসে নিখোঁজ রয়েছেন এখনো অনেকে, যাদের খুঁজে ফিরছেন তাদের স্বজনরা।

এই অবস্থায় লাশগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করা হলো কেন- জানতে চাইলে ঢাকার অতিরিক্ত প্রশাসক আবু ফজল মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্গন্ধে লাশগুলো মর্গে রাখা যাচ্ছিলো না। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দাফন করা হয়েছে।

তিনি বলেন, লাশের ডিএনএ নমুনা রাখা হয়েছে। দাবিদার এলে তাদের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় সনাক্ত করা যাবে।

যাদের সমাহিত করা হয়েছে, তাদের কবরে একটি নম্বর লেখা থাকছে। ওই নম্বর অনুযায়ী তার ডিএনএ নমুনা সংরক্ষণ করা হচ্ছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক জানান, মর্গে আসা মোট ৩১৯ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে ২৯১টি মৃতদেহ। বাকিদের পরিচয় ডিএনএ পরীক্ষার পর পাওয়া যায়।

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে ২২২টি মরদেহের ডিএনএ নমুনা। মিটফোর্ডে রয়েছে ৯৭ জনের নমুনা।

অনেকের ডিএনএ নমুনা সংগ্রহ ছাড়াই দাফন করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা নাকচ করে ফজল মীর বলেন, “কেউ যদি শুধু ঢাকা মেডিকেল কলেজের নমুনা সংখ্যা জেনে হিসাব-নিকাশ করেন, তাহলে তো হিসাবের গরমিল হবেই।”