সিলেটে আদালত প্রাঙ্গণে যুবককে ছুরিকাঘাত
সিলেট জেল জজ আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন।
আহত শামীম আহমদ স্বপন (২৫) গোয়াইনঘাট উপজেলার বগাইয়া ছড়ারপাড় গ্রামের ফুল মিয়ার ছেলে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, স্বপন ওই আদালতের পরিবেশ অধিদপ্তরের একটি মামলার বিবাদী। দুপুরে মামলার হাজিরা দিতে এলে ৪/৫ জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত আদালতের বারান্দায় তার উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তিনি আরো জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
সিলেটের সহকারী পাবলিক প্রসিকিউটর রাশিদা সাঈদা খানম বলেন, হামলাকালে তিনি আদালতের ভেতরে শুনানি করছিলেন। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখতে পান স্বপন মেঝেতে পড়ে আছেন এবং উরু থেকে রক্ত ঝরছে।
পরে পুলিশ ও সাধারণ লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
