২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিন্টো রোডের সেই বাড়ি নিয়ে উপেক্ষিত রাষ্ট্রপতির সুপারিশও

মিন্টো রোডের যে বাড়িটি একজন বিচারককে বাদ দিয়ে সচিবকে দেয়া হয়েছে, সেই বাড়িটি হাই কোর্টের আরেক বিচারককে দিতে রাষ্ট্রপতির সুপারিশ ছিলো, যা-ও উপেক্ষিত হয়েছে।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 11:40 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

মিন্টো রোডের ১২ নম্বর বাড়িটি শিল্প সচিবের নামে সম্প্রতি বরাদ্দ হয়েছে। ওই বাড়িটি পেতে হাই কোর্টের এক বিচারক আবেদন করেছিলেন, যা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, হাই কোর্টের আরেক বিচারপতির নামে ওই বাড়িটি বরাদ্দ দিতে রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের সুপারিশ ছিলো; যার নথিপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হাতে পেয়েছে।

টিনশেড বাড়িতে বসবাসরত ওই বিচারক তার বর্তমান আবাস সার্কিট হাউজ রোডের টিনশেড বাড়ির জীর্ণদশার কথা জানিয়ে ‍ওই আবেদন করেছিলেন।

ওই বাড়ির বরাদ্দপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তি বদলি হওয়ায় তা খালি হওয়ার তথ্য জানিয়ে এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান হাই কোর্টের ওই বিচারক।

গত বছরের ১৩ নভেম্বর রাষ্ট্রপতির কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জান্নাতুন নাঈম স্বাক্ষরিত একটি চিঠিতে ওই বিচারকের আবেদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ গৃহায়ন ও গণপূর্ত সচিবের কাছে পাঠানো হয়।

এই চিঠির জবাব না দেয়ায় অগ্রগতি জানতে চেয়ে আবারো পূর্ত সচিবকে গত ২১ জানুয়ারি চিঠি দেয়া হয়। দ্বিতীয় এই চিঠির আগেই বাড়িটি বরাদ্দ দিয়ে দেয়া হয় শিল্প সচিবকে।

বাড়ি বরাদ্দ চাওয়া হাই কোর্টের এই বিচারক আশির দশকে মুন্সেফ হিসাবে কর্মজীবন শুরু করেন। জেলা ও দায়রা জজ হিসাবে নিম্ন আদালতে দায়িত্ব পালনের পর তিনি ২০১০ সালের ২০ অক্টোবর হাই কোর্টে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান।

নথিপত্রে দেখা যায়, এই বিচারকের পাশাপাশি বাড়িটি পেতে আবেদন করেছিলেন হাই কোর্টের স্থায়ী এক বিচারপতি।

বর্তমানে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চের এই জ্যেষ্ঠ বিচারপতি ২০১০ সালের ১৮ এপ্রিল হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান। দুই বছর পর তিনি স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ লাভ করেন।

বর্তমানে তিনি একটি ভাড়া বাড়িতে থাকছেন। এ পর্যন্ত তিনবার তিনি আবেদন করলেও এখনো সরকারি বাড়ি বরাদ্দ পাননি।

মিন্টো রোডের ওই বাড়িটি খালি হওয়ার খবর পেয়ে গত বছরের ৮ নভেম্বর বরাদ্দ চান এই বিচারক। কিন্তু তিনিও বাড়ি পাননি।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদাক্রমে হাই কোর্টের বিচারকরা নবম শ্রেণিতে (ক্যাটাগরি) রয়েছেন, যেখানে সচিবরা আছেন মর্যাদাক্রমের ষোড়শ শ্রেণিতে।

স্থায়ী বিচারকের আবেদন উপেক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের নিবন্ধক (রেজিস্ট্রার) একেএম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের বিচারপতি বাড়ি চাওয়ার পর তাকে বাড়ি না দিয়ে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে পিছিয়ে থাকা ব্যক্তিকে বাড়ি দেয়াকে আমি পক্ষপাতমূলকই বলবো।”

এ বিষয়ে সরকারি আবাসন পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (উপসচিব, প্রশাসন-১) মো. হাবিবুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি বাড়ি বরাদ্দের নীতিমালা আছে। সেই নীতিমালা মেনেই ১২ নম্বর মিন্টো রোডের বাড়িটিও বরাদ্দ দেয়া হয়েছে।”

ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে এগিয়ে থাকা হাই কোর্টের এক বিচারক ওই বাড়িটি চাওয়ার পরও অন্যকে বরাদ্দ দেয়া ঠিক হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এই বাড়ি নিয়ে কিছু ঝামেলা ছিলো, সেটা আমি শুনেছি।

“তবে এ বিষয়টা আমি বলতে পারবো না। আসলে এই বরাদ্দ আমার আমলে হয়নি।”

ওই পরিদপ্তরের সহকারী পরিচালক ও তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন আহামেদ বৃহস্পতিবার বলেন, বাড়িটি এক কর্মকর্তার নামে বাড়িটি বরাদ্দ ছিলো। তিনি বদলি হওয়ার কারণে ওই বাড়িতে নতুন বরাদ্দ দেয়া হয়। শিল্প সচিব শিগগিরই ওই বাড়িতে উঠবেন।

পুরনো খবর:

‘বিচারকের চাওয়া বাড়ি পেলেন সচিব’