ঢাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
রাজধানীর কদমতলীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুরে কদমতলীর ধনিয়া পাটেরবাগে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম মফিজুর রহমান সবুজ (৩৮)।
সন্ত্রাসীদের অন্তর্কোন্দলে সবুজ খুন হন বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতের পরিবার বলছে ভিন্ন কথা।
নিহতের স্ত্রী শান্তা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুপুরে পাটেরবাগের বাসা থেকে শওকত, শাহ আলম সাদা ও কালা মুনাসহ কয়েকজন যুবক সবুজকে ডেকে নিয়ে যায়। এরপর কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
সবুজকে বিকাল ৩টার দিকে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শান্তা বলেন, শওকত-শাহ আলম এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। এতে তার স্বামী বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এই বিষয়ে মহানগর পুলিশের যাত্রাবাড়ী অঞ্চলের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মুন গ্রুপ ও ফালান গ্রুপের মধ্যে চলছিলো।
বৃহস্পতিবার ফালান গ্রুপের লোকজন মুন গ্রুপের কয়েকজনকে মারধর করেছিলো। এনিয়ে কদমতলী থানায় মামলাও হয়।
“সবুজ ফালান গ্রুপের। তাই বৃহস্পতিবারের হামলার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে,” বলেন পুলিশ কর্মকর্তা মিনহাজ।
কী নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ- জানতে চাইলে তিনি বলেন, মাদক বিক্রি।
