চবিতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
দলীয় অন্তর্কোন্দলের মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার এসএম আলাউদ্দিন ওরফে আলম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তিনি সংগঠনের সভাপতি মামুনুল হকের পক্ষের বলে ক্যাম্পাসে পরিচিত।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান, শুক্রবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার এলাকায় নিজ বাসা থেকে আলমকে গ্রেপ্তার করা হয়।
সংগঠনের বিরোধীপক্ষের কর্মীদের মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ছাত্রলীগের সভাপতি মামুনুল হক ও সহ-সভাপতি অমিত কুমার বসুর সমর্থকদের মধ্যে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পাশে মারামারি হয়।
পরদিন এ ঘটনায় সহ-সভাপতির পক্ষের কর্মী এএসএম মিরাজ বাদি হয়ে সভাপতির পক্ষের ছাত্রলীগ নেতা আলমসহ ১১ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় এই মামালা দায়ের করেন।
