২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে প্রায় চার হাজার কাঁচা বাড়িঘর বিধস্ত

নোয়াখালীর ৫টি উপজেলায় ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ঝড় ও জোয়ারের পানিতে প্রায় চার হাজার কাঁচা বাড়িঘর বিধস্ত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রশাসক মো: সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, জেলার সদর, কবীরহাট, হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ এই ৫টি উপজেলায় ঝড়ে অর্ধ-বিধ্বস্ত ও সম্পূর্ন বিধ্বস্ত মোট বাড়িঘরের সংখ্যা ৩৯২৬টি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান জানিয়েছেন, ঝড়, বৃষ্টি ও জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন চরের এক হাজার ঘর আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে।

এছাড়া ঝড়ের কারণে ১১৭টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া লোকজন সন্ধ্যার দিকে বাড়িঘরে ফিরে যেতে শুরু করেছে বলে জানান ইউএনও মাহিদুর।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান জানিয়েছেন, উপজেলার বিভিন্ন চরের দুইশ ঘর বিধস্ত হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও আবদুল আউয়াল জানিয়েছেন, সেখানে ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট উচু জোয়ারের পানিতে দুইশ ঘর পুরোপুরি এবং আরো পাঁচশ ঘর আংশিকভাবে ধসে পড়েছে।