চট্টগ্রাম বন্দরে কাজ শুরু
ঘূর্ণিঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার বিকাল থেকে পণ্য পরিবহন শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় মহাসেনের আগাম সতর্কতা হিসেবে নিরাপদ স্থানে নোঙর করে আছে ছোট ছোট জাহাজ। মঙ্গলবার কর্ণফুলী নদী থেকে তোলা ছবি।
বিপদ সংকেত নামিয়ে ফেলায় চট্টগ্রাম বন্দরের নিজস্ব সতর্কতাও প্রত্যাহার করা হয়েছে বলে জানান বন্দর সচিব।
তবে এখনো বন্দরের জেটিতে কোনো জাহাজ নেই বলে জানান বন্দর সচিব। বহির্নোঙ্গর থেকে জাহাজ শুক্রবার সকালে জেটিতে ভিড়বে বলে জানান বন্দরের উপ সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম।
বুধবার আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব সতর্কতা বাড়িয়ে ‘৩’ করে। জেটিতে থাকা সব জাহাজ বহির্নোঙ্গরে পাঠিয়ে দেয়া হয়। একইসাথে বন্দর থেকে পণ্য পরিবহন বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বন্ধ রাখা হয়।
বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে থাকা ঘূর্ণিঝড় মহাসেন মেঘনা মোহনা হয়ে নোয়াখালী এবং চট্টগ্রামের সীতাকুণ্ড দিয়ে স্থলভাগ অতিক্রম করছে।
