২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় গণপিটুনিতে ‘তিন ডাকাত’ নিহত

সাভারের আশুলিয়ায় ডাকাতির সময় গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 08:51 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বুধবার রাত তিনটার দিকে আশুলিয়ার ইয়াপুর ইউনিয়নের দিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপপরিদর্শক জাহিদুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসীর বরাত দিয়ে জাহিদুর রহমান বলেন, একটি ডাকাতদল স্থানীয় সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। বাড়ি লোকদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে এবং গণপিটুনি দেয়।

“গণপিটুনিতে তিন ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। নিহতদের পরিচয় জানা যায়নি।"

ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও দুটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় স্থানীয়রা নিজ উদ্যোগে এলাকায় পালাক্রমে পাহারা দেয়ার ব্যবস্থা করেন।