২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় আশ্রয়কেন্দ্রে ফিরছে মানুষ

খাবার ও পানি না পেয়ে এবং অরক্ষিত ঘরবাড়ির টানে নোয়াখালীর হাতিয়ার একটি আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়া লোকজন আবার ফিরতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 04:54 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বুধবার রাতে শতাধিক মানুষ নিরাপত্তার জন্য হাতিয়া বাজার বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আসে বলে জানিয়েছিলেন হাতিয়ার ইউএনও খালিদ মেহেদি হাসান। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিন নারী ও পাঁচ শিশুকে আশ্রয় নিতে দেখা যায।

নলের চর থেকে এই আশ্রয়কেন্দ্রে আসা নুর জাহান বেগম জানান, রাত থেকে তারা কোনো খাবার পাননি। পানিরও ব্যবস্থাও নেই।’

অরক্ষিত ঘরবাড়ির টানে এবং এখানে খাবারের ব্যবস্থা না থাকায় সকালে লোকজন আশ্রয় কেন্দ্র ছেড়ে যায় বলে জানান তিনি।

তবে ইউএনও দাবি করেন, আশ্রয়কেন্দ্রে খাবারের ব্যবস্থা রয়েছে।

পরে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, আশ্রয়কেন্দ্র ছেড়ে চলে যাওয়া লোকজনকে আবার ফিরিয়ে আনা হচ্ছে।

হাতিয়া ও সুবর্ণচর অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা দেখাশোনার দায়িত্বে নিয়োজিত এডিসি পরিতোষ হাজরা জানান, আশ্রয় কেন্দ্রগুলোয় দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বাতাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় লোকজন আবার বৃহস্পতিবার সকাল থেকে আশ্রয়কেন্দ্রে ফিরতে শুরু করেছে। হাতিয়া বাজার বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রেও লোকজন ফিরে আসছে। বেলা ১২টার দিকে সেখানে প্রায় একশ' মানুষ আশ্রয়ের জন্য এসেছে।

নোয়াখালী জেলার কোনো স্থানে সকাল থেকেই বিদ্যুৎ নেই।

এদিকে নিঝুম দ্বীপের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাব জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে নিঝুমদ্বীপে শতাধিক কাঁচাঘর ধসে গেছে।