২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের কারণে পিছিয়েছে এইচএসসি পরীক্ষা

ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 10:32 AM

Updated : 26 Jul 2022, 03:02 PM

আগামী ২৫ মে শনিবার এই পরীক্ষা হবে বলে বুধবার বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এদিকে ঝড় আঘাত হানার আগে বুধবার দুপুর থেকে চট্টগ্রামের উপকূলীয় এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

ঝড়ের সময় আশ্রয় কেন্দ্র হিসেবে উপকূলের শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলো ব্যবহার হয়ে থাকে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন বৃহস্পতিবার উপকূলে আঘাত হানতে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে। ঝড়টি কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

অধ্যাপক তাসলিমা বলেন, “যেহেতু ৭ নম্বর বিপদ সঙ্কেত দেয়া হয়েছে, তাই সারা দেশেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। এজন্য সব বোর্ডের পরীক্ষাই পেছানো হয়েছে।”

আটটি সাধারণ বোর্ড এবং ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ’র (ডিআইবিএস) অধীনে বৃহস্পতিবার এইচএসসিতে কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) প্রথম পত্র, কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) প্রথম পত্র (ডিআইবিএস) এবং বিকালে চারু ও কারুকলা (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষা ছিলো।

এর আগে হরতালের কারণেও এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা পেছানো হয়।

পুরনো খবর:

চট্টগ্রাম- কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত