রানার বাবা খালেক ফের রিমান্ডে
সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেককে আরো জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
ভবন ধসে সহস্রাধিক প্রাণহানির জন্য দায়ী করে পুলিশের করা মামলায় মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখ তাকে চার দিন পুলিশ হেফাজতের আদেশ দেন।
এই মামলায় ১৩ দিন জিজ্ঞাসাবাদের পর খালেককে এদিন আদালতে হাজির করে আরো সময়ের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মীর শাহেন শাহ পারভেজ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার কবীর বাবুল শুনানিতে বলেন, “এই আসামিদের কারণে এক হাজারের অধিক শ্রমিক নিহত হয়েছে। আসামিরা জানতো রানা প্লাজায় ফাটল রয়েছে, তারপরও তারা শ্রমিকদের কাজে যেতে বাধ্য করেছেন। তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।”
খালেকের ছেলে সোহেল রানাও এই মামলার আসামি। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনের আলাদা মামলাও হয়েছে।
এদিকে পুলিশ ও রাজউকের করা মামলায় অন্তরীণ সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইমতেমাম হোসেন ও সহকারী প্রকৌশলী মো. শাহ আলমের জন্য আইনজীবী নিয়োগের অনুমতি চেয়েছেন ইমতেমামের মেয়ে সাম্মাতুল খাদিজা।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তিনি এই আবেদন করেন।
ভয়াবহ এই ভবন ধসে এত শ্রমিকের প্রাণহানির জন্য দায়ী করে সোহেল রানাসহ গ্রেপ্তার প্রকৌশলী এবং কারখানা মালিকদের হয়ে আইনি লড়াই না চালানোর ঘোষণা রয়েছে ঢাকা আইনজীবী সমিতির।
খাদিজা আবেদনে বলেন, রানা প্লাজা নির্মাণ কাজ শেষ হওয়ার প্রায় তিন বছর পর দুই প্রকৌশলী সাভারে পৌরসভায় যোগ দেন। পাশাপাশি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সব নাগরিকই আইনের আশ্রয় লাভের অধিকারী।
এদিকে আইনজীবী সমিতির সিদ্ধান্তের পরেও এ মামলাগুলোর আসামি ফ্যান্টম টেকের চেয়ারম্যান আমিনুল ইসলাম, নিউ ওয়েভ বটমের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান তাপস এবং একই পোশাক কারখানার চেয়ারম্যান বজলুস সামাদ আদনানের পক্ষে গত শুক্রবার শুনানিতে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখের আদালতে দুই আইনজীবীকে শুনানি করতে দেখা যায়।
