২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা

মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশের দিন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 08:30 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

গত ৫ মে ওই সমাবেশ চলাকালে বায়তুল মোকাররম, পল্টন, গুলিস্তানসহ আশেপাশের এলাকায় ব্যপাক তাণ্ডব চালানো হয়। ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় ফুটপাত ও আশেপাশের বহু দোকানে।

ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনশ ৩৩ জন ক্ষুদ্র ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধবংসাত্মক রাজনীতির পথ ছেড়ে শান্তির পথে ফিরে আসার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহবান জানান।

প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন  বায়তুল মোকাররম দক্ষিণ গেইটের কোরআন শরীফ এবং হাদিস শরীফ বিক্রেতা নুরুল আমিন, সিদ্দীকুর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, আব্দুল কাদের এবং ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল মতিন, আব্দুল কাদের, মোহাম্মদ আলম, নজরুল ইসলাম ও গিয়াস উদ্দিন।

কোরআন শরীফ পোড়ানোকে ‘অমানবিক’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই। এমন ঘটনা আর কোথায় ঘটেছে বলে আমার জানা নেই।”

ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের যে ক্ষতি হয়েছে- তা পোষানো সম্ভব নয়।”

৫ মে তাণ্ডবের জন্য বিরোধীদলীয় নেতাকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, “খালেদা জিয়ার মদদে হেফাজতে ইসলাম এবং জামায়াত যা করেছে- তার নিন্দা জানানোর ভাষা আমার নেই।”

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা- ৮ আসনের সাংসদ রাশেদ খান মেনন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।