২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তায় যান বেড়েছে, টার্মিনাল যাত্রীশূন্য

জামায়াতে ইসলামের ডাকা হরতালে ঢাকার বাস টার্মিনালগুলো যাত্রীশূন্য থাকলেও রাস্তায় যানবাহনের কোনো কমতি নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 06:19 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রাজধানীর প্রধান সড়কে যাত্রী পরিবহনের যানগুলো তো আছেই, নেমেছে অনেক ব্যক্তিগত গাড়িও।

ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মহাখালি, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে দূরপাল্লার বাস না ছাড়লেও ঢাকার আশপাশের জেলায় কিছু বাস ছেড়ে যাচ্ছে।

বাস কাউন্টারগুলো থেকে জানানো হয়, ভাংচুরের আশঙ্কায় দূরপাল্লার বাস ছাড়া হচ্ছে না।

গাবতলী বাস টার্মিনালের ঈগল পরিবহনের কর্মী মো. বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের যাত্রী না থাকার কারণে দূরের বাসগুলো আপাতত ছাড়া হচ্ছে না; তবে লোকাল রুটের বাসগুলো স্বাভাবিকভাবেই চলছে।”

গাবতলী থেকে সাভার, মানিকগঞ্জ ও আরিচা ঘাটগামী কয়েকটি বাস চলতে দেখা যায়।

মহাখালি টার্মিনালের কাউন্টারগুলোর বেশিরভাগই ছিলো প্রায় যাত্রীশূন্য। তবে টার্মিনাল গেটে যাত্রীদের ভিড় দেখা গেছে। এ সময় কয়েকটি বাস ছাড়তেও দেখা যায়।

মহাখালি বাসটার্মিনাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, “পর্যাপ্ত যাত্রী পেলে বাস ছাড়া হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকটি বাস গন্তব্যে ছেড়ে গেছে।”

সায়েদাবাদ টার্মিনাল থেকে ছেড়ে গেছে গাজীপুরগামী কিছু বাস।

গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে নগর পরিবহনের বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলছে।

রাস্তায় প্রাইভেটকার, মোটরসাইকেল, অটোরিকশা ও ট্যাক্সিক্যাবের সংখ্যা অন্যান্য দিনের হরতালের চেয়ে অনেক বেশি।

বাধা না পেয়ে প্রধান সড়কেও নেমেছে রিকশা। রাস্তা ফাঁকা পেয়ে ব্যাটারিচালিত রিকশাও ঢাকায় যাত্রী পরিবহন করছে।

অন্যান্য হরতালের চেয়ে যানবাহনের সংখ্যা বেশি থাকায় কারওয়ান বাজার, পল্টন মোড়, মালিবাগ, মগবাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাবরেটরি ও বিজয়সরণী মোড়ে ট্রাফিক পুলিশকে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

এলিফ্যান্ট রোড, ধানমণ্ডি, শাহবাগ এলাকার অনেক দোকানপাটও খোলা দেখা যায়।

যুদ্ধাপরাধের মামলায় এ কে এম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামের এই সকাল-সন্ধ্যা হরতাল রাজধানীতে কড়া নিরাপত্তা রয়েছে।

হরতালে সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে র‌্যাব-পুলিশের টহল লক্ষ্য করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে পুলিশ। যানবাহন থামিয়ে যাত্রীদের শরীর ও ব্যাগও তল্লাশি করছে তারা।

সদরঘাটের বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহফুজুর রহমান জানান, সকাল ১১টা পর্যন্ত ৩৭ টি লঞ্চ এসেছে ৮টি ছেড়ে গেছে। যাত্রী সংখ্যা কম থাকলেও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।

রেল চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ন কমীর।