শাহবাগে হাতবোমা বিস্ফোরণ
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে শাহবাগ মোড়ে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেকটি।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আশিক হোসেন জানান, গণজাগরণ মঞ্চের হরতাল বিরোধী মিছিল বের হওয়ার কিছুক্ষণ আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাতবোমার বিস্ফোরণটি ঘটলো।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক মো. বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঞ্জাবি পড়া একটা ছেলে ককটেল দু'টি ছুড়ে একটি বাসে উঠে চলে যায়।
লাল টেপ মোড়ানো হাতবোমাটি বিস্ফোরিত হওয়ার পর পরই কাছেই মিছিলের প্রস্তুতি নিতে থাকা গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগ মোড়ে ছুটে আসে।
কালো টেপ মোড়ানো অবিস্ফোরিত হাতবোমাটি রাস্তায় পড়ে ছিল। পড়ে পুলিশ এসে বালুভর্তি বালতিতে করে তা সরিয়ে ফেলে।
জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফ গত রোববার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়ার পর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
ইউসুফের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ১৫টি অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
