সিলেটে হরতাল সমর্থনে মিছিল, ভাংচুর
সিলেটে হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় কয়েকটি হাতবোমারও বিস্ফোরণ ঘটায় তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে হরতালের সমর্থনে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে শিবিরকর্মীরা। মিছিলটি উপশহর এলাকায় গিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।
এ সময় পুলিশ ধাওয়া দিলে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় হরতালকারীরা।
কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, সকাল পৌনে ৭টার দিকে নগরীর মিরাবাজারে সড়ক অবরোধের চেষ্টা করে জামায়াত-শিবির। এসময় ধাওয়া দিলে পুলিশকে লক্ষ করে ঢিল ছুড়ে তারা পালিয়ে যায়।
এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে শিবিরকর্মীরা নগরীর কুমারপাড়া ও শিবগঞ্জ এলাকায় দুটি ট্রাক ও একটি অটোরিকশা ভাংচুর করে বলে জানান তিনি।
নগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যদের টহল দিতে দেখা গেছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার রেজাউল করিম বলেন, হরতালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে নগরীতে রিকশা, অটোরিকশা ও হাল্কা যানবাহন চলাচল করলেও ভারী যান চলছে না।
সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমীর এ কে এম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা এ হরতাল ডাকে জামায়াতে ইসলাম।
