২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আগে চট্টগ্রামে ১০ শিবিরকর্মী আটক

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের আগের রাতে চট্টগ্রাম নগরীর একটি কোচিং সেন্টার থেকে ইসলামী ছাত্র শিবিরের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 05:21 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রাত ৮টার দিকে নগরীর চকবাজারের লালচান্দ রোডের প্রবাহ কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে জানান, হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে প্রবাহ কোচিং সেন্টার থেকে ১০ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামী ছাত্রশিবির পরিচালিত কোচিং সেন্টারটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য।

আব্দুর রউফ বলেন, “আটক করার সময় তারা কোচিং সেন্টারের পরিচালকের কক্ষে বৈঠক করছিল।”

তবে তাৎক্ষণিকভাবে পরিচালক ও শিবিরকর্মীদের পরিচয় জানা যায়নি।

রোববার যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার ডাকে দলটি।

এর আগে সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে গণহত্যার দায়ে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেয়া হলে তার প্রতিবাদে রোববার হরতাল করে দলটি।

রোববার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার করা হয় ইউসুফকে।