২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নিখোঁজদের তালিকা চায় হাই কোর্ট

সাভারে সম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম ভবন ধসের ঘটনায় এখনো যারা নিখোঁজ রয়েছেন, তালিকা চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 09:19 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

ঢাকা জেলা প্রশাসক, শ্রম মন্ত্রণলয়ের প্রধান কারখানা পরিদর্শককে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে হবে।

নিখোঁজদের পরিচয়পত্র, নিয়োগপত্র বা অন্যান্য প্রমাণের ভিত্তিতে এই তালিকা করতে বলেছে আদালত। তালিকা জমা দিতে দুই বিবাদীকে এক সপ্তাহ সময় দেয়া হয়েছে।

সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয়।

সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা রানা প্লাজা গত ২৪ এপ্রিল ধসে পড়ে। এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ১ হাজার ১২৭ জন নিহত হয়েছেন।

ধসের সময় ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় তিন হাজারের বেশি কর্মী ছিলেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হলেও কতো শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী গত ১ মে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তখন পর্যন্ত ১৪৯ জন নিখোঁজ রয়েছেন। তারপর থেকে গত ১২ দিনে উদ্ধার হয়েছে সাতশর বেশি লাশ।    

রানা প্লাজা সংক্রান্ত সব নথিপত্রও তলব করেছে আদালত। সাভারের বরখাস্ত মেয়র ও ভারপ্রাপ্ত মেয়রকে এক সপ্তাহের মধ্যে এসব ‘রেকর্ড’ জমা দিতে হবে।

রানা প্লাজা নির্মাণের অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম এবং ২৩ এপ্রিল ফাটল ধরার পরও পৌর কর্তৃপক্ষ রানা প্লাজা বন্ধ করে না দেয়ায় সাভারের পৌর মেয়র মো. রেফাতউল্লাহকে গত ২ মে সাময়িক বরখাস্ত করে সরকার।

এছাড়া আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, ফায়ার বিগ্রেড, শ্রম মন্ত্রণালয়ের করা চারটি তদন্ত প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে দেখতে চেয়েছে হাইকোর্ট।

গত বছর ২৪ নভেম্বর ওই পোশাক কারখানায় আগুন লেগে অন্তত ১১২ শ্রমিকের মৃত্যু হয়, যে ঘটনার জন্য কারখানা মালিককে দায়ী করে আসছে শ্রমিক অধিকার সংগঠনগুলো।   

তাজরীনের মালিক দেলোয়ার হোসেন এদিন আদালতের তলবে হাজির হন। শুনানির পর আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়।

আগামী ২১ মে রানা প্লাজা এবং ২৯ মে তাজরীন নিয়ে মামলা আবার শুনানির জন্য আসবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুরনো খবর:

সেনাবাহিনীর উদ্ধার অভিযান শেষ মঙ্গলবারের মধ্যে