২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর উদ্ধার অভিযান শেষ মঙ্গলবারের মধ্যে

সাভারে ধসে পড়া রানা প্লাজায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান মঙ্গলবারের মধ্যে শেষ হচ্ছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 08:25 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার দুপুরে নিয়ন্ত্রণ কক্ষে এক ব্রিফিংয়ে উদ্ধার কাজের দায়িত্বে থাকা কর্নেল ইবনে সজল শায়েখুজ্জামান বলেন, এখন থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে জেলা প্রশাসনের কাছে কাজ বুঝিয়ে দেয়া হবে।

সকালে সেনাবাহিনীর উদ্ধার দল রানা প্লাজার বেজমেন্টের ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন বলে নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছিল।

গত ২৪ এপ্রিল সাভারের বহুতল ভবন রানা প্লাজা ধসে এ পর্যন্ত ১১২৭টি লাশ উদ্ধার হয়েছে। অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এখনো অনেকেই স্বজনের লাশের অপেক্ষায় রয়েছেন।

কর্নেল ইবনে সজল শায়েখুজ্জামান আরো জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১টার সময় সেনাবাহিনীর পক্ষ থেকে রানা প্লাজার ধ্বংসস্তূপের কাছে একটি মিলাদের আয়োজন করা হয়েছে। মিলাদ সবার জন্য উন্মুক্ত।

মিলাদ শেষে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে সেখান থেকে বিদায় নেবে বলেও তিনি জানান।

এছাড়া উদ্ধার অভিযান ও সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষে রাত ৮টায় ব্রিফিং দেবেন উদ্ধার সমন্বয়ক ও সাভার নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল হাসান সারওয়ার্দী।

এর আগে সকালে পরিদর্শনে এসে সেনাবাহিনীর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

এরপর উদ্ধার কাজ জেলা প্রশাসন পরিচালনা করবে বলেও তিনি জানান।

পুরনো খবর:

উদ্ধার কাজ শেষ পর্যায়ে: টুকু