২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁড়ি ঘেরাও করায় ব্যবসায়ীকে মুক্তি

পুলিশ হত্যাসহ জামায়াত-শিবিরের তা-বে জড়িত থাকার সন্দেহে আটক ব্যবসায়ীকে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে ছাড়িয়ে নিয়েছে এলাকবাসী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 12:23 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

রোববার দুপুরে ব্যবসায়ী আজিম উদ্দিনকে (৫০) তার বামনডাঙ্গা বাজারের গালামালের দোকান থেকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করেছে পুলিশ।

আজিম উদ্দিনকে আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসী পুলিশ ফাঁড়ি ঘেরাও করে এবং গাছের গুড়ি ফেলে রংপুর-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে।

ওই বাজারের ব্যবসায়ী সেনাপদ সরকার বলেন, “বিক্ষোভের মুখে বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।”

এর আগে শনিবার রাতে একই ঘটনায় জড়িত থাকার সন্দেহে সুন্দরগঞ্জের শিবরাম আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম আযমকে গ্রেপ্তার করা হয়।

এর প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ রোববার সুন্দরগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করে।

সুন্দরগঞ্জ থানার ওসি কায়সার আলী খান জানান, আজিমকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও অধ্যক্ষ গোলাম আযমকে আদালতে পাঠানো হয়েছে।