২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রতিরোধে গণজাগরণ মঞ্চের মিছিল

জামায়াত ইসলামীর ডাকা হরতাল প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 08:01 AM

Updated : 25 Apr 2022, 06:43 PM

রোববার দুপুর ১২টার দিকে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়। রূপসী বাংলা হোটেল ঘুরে টিএসসি হয়ে আবার শাহবাগ এসে শেষ হয় মিছিলটি। টিএসসি থেকে মিছিলে যোগ দেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও ব্লগাররা।

সারা দেশে একই সঙ্গে গণজাগরণ মঞ্চের হরতাল বিরোধী মিছিল হয়েছে জানিয়ে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, "কামারুজ্জামানের রায়ের পর রাজপথ সহিংস করতে জামায়াত শিবির এ হরতালের ডাক দেয়। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম জামায়াত শিবিরের প্রতিটি হরতাল প্রতিহত করবো। সে ঘোষণা অনুসারেই আমাদের এ মিছিল কর্মসূচি।"

গত ৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে আন্দোলন করছে ছাত্র জনতা, যার নাম দেওয়া হয় গণজাগরণমঞ্চ। এরপর থেকে জামায়াতের ডাকা প্রত্যেকটি হরতালেই বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ।

একাত্তরে গণহত্যার জন্য আল বদর নেতা কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়ে বৃহস্পতিবার রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের কয়েক ঘণ্টা পর রোববার সারা দেশে হরতাল ডাকে জামায়াত।

ইমরান আরো বলেন, "জনগণ এ হরতাল প্রত্যাখান করেছে। আপনারা দেখেছেন ঢাকায় গাড়ি চলছে, অফিস খোলা দোকানপাটও খোলা।"

জামায়াত হরতালে প্রতিহত করতে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।

আন্দোলন কত দিন চলবে জানতে চাইলে তিনি বলেন, "আমাদের ছয় দফা দাবির অন্যতম যুদ্ধপরাধীর শাস্তি বাস্তবায়ন। তাদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়বো না, আন্দোলন চালিয়ে যাব।"

"মঞ্চ ভেঙ্গে দেয়ায় আমাদের আন্দোলন স্তিমিত হয়েছে বলে আমি মনে করি না", যোগ করেন তিনি।

গাজীপুরের সমাবেশ ও ২০ মে ময়মনসিংহে অনুষ্ঠেয় সমাবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশের অন্যস্থানের গণজাগরন মঞ্চগুলোকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এ জন্য শাহবাগে কর্মসূচি কমিয়ে দেশের অন্য স্থানে কর্মসূচি দিচ্ছি।"

এছাড়া দেশের বাইরের গণজাগরন মঞ্চকে সংগঠিত করে আন্দোলনকে আরো বেগবান করা হবে বলেও তিনি জানান।

"৩১ মে শাহবাগে মহাসমাবেশ রয়েছে। এ সমাবেশে অন্য গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরা যোগ দেবেন। এটা আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আমি মনে করছি", বলেন তিনি।