চট্টগ্রামে অপহৃত কারারক্ষী উদ্ধার, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে অপহূত হওয়ার একদিন পরে এক কারারক্ষীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার অপহৃত হন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের রক্ষী মো. বেলাল হোসেন (২৮)। শুক্রবার গভীররাতে নগরীর চকবাজার এলাকার দেব পাহাড় মোড়ের একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে মো. কুতুব উদ্দিন (৩৫), মো. ওয়াসিম (২৯) ও কফিল উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বুধবার বেলালের এক ভাতিজা নিখোঁজ হয়। তাকে খুঁজতে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যাওয়ার পথে চকবাজার এলাকা থেকে সাংবাদিক পরিচয় দিয়ে তিন জন ব্যক্তি তাকে নিয়ে যায়।
“তারা বেলালের কাছ থেকে তার ভাতিজা রুবেলের নিখোঁজের বিষয়টি জানতে পেরে তার নিখোঁজ সংবাদ পত্রিকায় প্রকাশের কথা বলে বেলালকে দেব পাহাড় এলাকার খান বিল্ডিংয়ের দোতলায় ‘মোহনা ২৪ অনলাইন নিউজ’ পেপারের কার্যালয়ে নিয়ে যায়।”
এরপর প্রথমে বেলালের মোবাইল ফোন থেকে তার স্ত্রী ও পরে সহকর্মীদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরে বিষয়টি তার স্ত্রী কোতোয়ালী থানায় জানায়।
সদীপ কুমার দাশ জানান, শুক্রবার রাতে মুক্তিপণের টাকা নিতে চকবাজার মোড়ে দুই অপহরণকারী আসলে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ওই ভবনের দোতলা থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় বেলালকে আহত অবস্থায় উদ্ধার করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট, আট বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৪০০ টাকা ও ২০ হাজার টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্পসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
