নারায়ণগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর অর্ধগলিশ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ফতুল্লার দেলপাড়ার একটি বাড়িতে রুমা আক্তারের (১৯) লাশ পাওয়া যায়।
এ ঘটনার পর থেকে রুমার স্বামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, এক মাস আগে দেলপাড়ায় এ ঘরটি ভাড়া নেন রুমা আক্তার। গত দুদিন ধরে ঘরটি তালা দেয়া রয়েছে।
শনিবার সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে বাড়িওয়ালা ইমান আলী পুলিশকে খবর দেন।
বিছানায় শোয়ানো অবস্থায় রুমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশ।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, রুমার মুখমণ্ডল ও গলা বিকৃত হয়ে গেছে। সেগুলো আঘাতের চিহ্ন কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
