২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদের টেনে আনা উচিত নয়: কাদের

আন্তর্জাতিকভাবে জাতীয় সমস্যাগুলোর সমাধান সুখকর নয় বলে মনে করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 10:29 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

শনিবার মুন্সীগঞ্জে তিনি সাংবাদিকদের বলেন, কথায় কথায় বিদেশিদের টেনে না এনে নিজেদের সমস্যাগুলো নিজেরা মিলেমিশে সমাধান করাই ভাল।

“আমরা লড়াই করে বাঁচতে জানি। ১৭ দিন পর সাভারের রানা প্লাজা থেকে রেশমাকে উদ্ধারের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে,” বলেন কাদের।

গত রোববার (৫ মে) শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের পর সৃষ্ট ঘটনা সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

শাপলা চত্বরের সমাবেশের ঘটনা সম্পর্কে শুক্রবার এক অনুষ্ঠানে মওদুদ বলেন, “সরকারকে বলব, এই ঘটনা আড়াল না করে অবলিম্বে অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতর নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমশিন গঠন করুন। তা না করলে আমরা জাতিসংঘের কাছে আন্তর্জাতিক তদন্তের দাবি জানাব।”

দুপুরে যোগাযোগ মন্ত্রী রুহিতপুর-দোহার-নবাবগঞ্জ রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এরপর শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কেরে শ্রীনগর-দোহার বাইপাস সড়কে সাংবাদিকদের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, “আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যাচ্ছি, যা অনেকের কাছেই ভাল লাগছে না। কেউ কেউ দেশের এ অবস্থা দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ছে।”

এ সময় যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।