প্রধানমন্ত্রী সঙ্গে জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকোর সাক্ষাৎ
জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
শনিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে তারানকো দেখা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী তার দেয়া সংলাপের প্রস্তাবের পর বিরোধী দলীয় নেতার ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার কথা উল্লেখ করে বলেন, তার সংলাপের প্রস্তাব এখনো বহাল আছে।
আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী উন্নয়নের জন্য অব্যাহত গণতন্ত্রের প্রয়োজনীয়তার কথা বলেন।
শেখ হাসিনা বলেন, তার সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।
সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সার্চ কমিটি করে দেওয়ার কথা জাতিসংঘ প্রতিধিকে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার যা যা করার করছে।
বিরোধী দলের ‘সহিংস’ রাজনৈতিক কর্মকাণ্ড এবং গত ৫ মে বায়তুল মোকাররমের সামনে কোরান শরীফ পোড়ানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জামায়াতে ইসলাম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। সরকার কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।
তিনি বলেন, জনগণের ভোটাধিকারের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নাই।
সাক্ষাতকালে জাতিসংঘের সহকারি মহাসচিব জানান, তার সংস্থার মহাসচিব বান কি মুন বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাবের উচ্ছ্বসিত প্রশংসা করে এটাকে ‘সাহসী ও মহৎ উদ্যোগ’ বলে আখ্যায়িত করেছেন।
বান কি মুন শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের প্রশংসা করেন বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ওপর গুরুত্বারোপ করে কোনো পূর্ব শর্ত ছাড়া সংলাপের কথা বলেছন বান কি মুন।
জাতিসংঘের সহকারি মহাসচিব সাভারের ভবন ধসের উদ্ধার কাজেরও প্রশংসা করেন।
এসময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অ্যাম্বেসেডর-এট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রেস সচিব আবুল কালাম উপস্থিত ছিলেন।
নির্বাচনকালীন সরকারের ধরণ নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ও বিরোধী দল বিএনপির মধ্যে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নির্বাচন নিয়ে আলোচনার জন্য চারদিনের সফরে শুক্রবার ঢাকায় পৌঁছেন তারানকো।
এবছরের পরের দিকে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘সংলাপ ও উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে’ জাতিসংঘ প্রতিনিধি এ সফর করছেন বলে জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে।
সফরকালে তিনি নির্বাচনের বিষয়ে বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।
এছাড়াও নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন জাতিসংঘ মহাসচিব।
গত ডিসেম্বরে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে পর্যবেক্ষণে তিনি ঢাকা সফর করেন।
