বাগেরহাটে ১০ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার
বাগেরহাটে দুই ইমামসহ জামায়াতে ইসলামীর দশ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে, যার মধ্যে কয়েকজন হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার গভীর রাতে মংলা, মোরেলগঞ্জ, ফকিরহাট ও বাগেরহাট মডেল থানা পুলিশ এ অভিযান চালায়।
পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশের উপর হামলা ও প্রতিমা ভাংচুরের বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন বাগেরহাট শহরের সোনাতলা জামে মসজিদের ইমাম মাওলানা মোবারক আলী (৫০), ফকিরহাটের তেলিপুকুর জামে মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন (৩৫), ফকিরহাটের শিবিরকর্মী শেখ রবিউল আলম (৩০), মঞ্জুরুল ইসলাম (২০) ও তানভির সরদার (৩০)।
মংলা উপজেলা শিবিরের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম (২৮) এবং মোরেলগঞ্জের জামায়াতকর্মী মোশাররফ হোসেন (৩৫), তাজুল ইসলাম (৪২), দুই সহোদর ফজলুর রহমান (৫৫) ও মোস্তাফিজুর রহমান (৪০)।
ফকিরহাট থানা পুলিশ চার জনকে, মোরেলগঞ্জ থানা পুলিশ চার জনকে, মংলা থানা পুলিশ এক জনকে এবং বাগেরহাট মডেল থানা পুলিশ অপর এক জনকে গ্রেপ্তার করে।
পুলিশ বলছে, গ্রেপ্তাররা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী। এদের কয়েকজন এখন হেফাজতে ইসলামের কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, মাওলানা মোবারক আলী বাগেরহাটে হেফাজতে ইসলামের একজন শীর্ষ পর্যায়ের সংগঠক এবং বাগেরহাট পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমীর।
ফকিরহাট থানার ওসি মাসুদ আলম বলেন, ইমাম হেলাল উদ্দিন হেফাজতে ইসলামের সংগঠক।
মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, তার এলাকায় গ্রেপ্তার চার জন জামায়াতে ইসলামীর কর্মী।
