চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৬ জন গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে বন্দর নগরীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার মধ্য রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং ও বাকলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পাহাড়তলী থানার ওসি আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লতিফপুর থেকে মো. কামাল (৪২) নামে এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয় ভোরে।
ফারুক ই আজম (২৫) নামে ছাত্র শিবিরের এক কেন্দ্রীয় সদস্যকে নগরীর মিস্ত্রীপাড়া থেকে গ্রেপ্তার করা হয় বলে ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম জানান।
ফারুক নগর শিবিরের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের মাস্টার্সের ছাত্র।
শনিবার ভোরে নগরীর তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা থেকে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি কেএম ইকবাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাদের কাছে থাকা মোবাইল ফোনে হরতাল নিয়ে নাশকতা ও পরিকল্পনার বিভিন্ন এসএমএস পাওয়া গেছে।
এছাড়া হালিশহরের রামপুরা থেকে জামায়াত ও শিবিরের দুই কর্মীকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রোববারে জামায়াতের ডাকা হরতালে সম্ভাব্য নাশকতা এড়াতে এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
