২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে চিকিৎসা নেয়ার পরামর্শ পরিবেশমন্ত্রীর

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে তাকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

তিনি বলেছেন, ঢাকা শহরের প্রাণকেন্দ্র মতিঝিলে যখন আগুন জ্বলছিল, কোরআন ও হাদিস শরীফে আগুন দেয়া হচ্ছিল, স্বর্ণের দোকান লুটের চেষ্টা চলছিল, খালেদা জিয়া তখন স্থায়ী কমিটির সভা করে হেফাজতে ইসলামের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছিলেন।

“এতেই বোঝা যায় তিনি মানসিক সুস্থতা হারিয়েছেন। তিনি পরিণত হয়েছেন সন্ত্রাসী নেত্রীতে।”

রোববার মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের সময় রাজধানীতে তাণ্ডবের প্রতিবাদে শুক্রবার এক আলোচনা সভায় এ কথা বলেন অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

হেফাজতের সেদিনের তাণ্ডবের পেছনে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদ থাকার অভিযোগ করে তিনি বলেন, “জামায়াত-বিএনপি আজ হেফাজতের ওপর ভর করে যেভাবে হাদিস কোরআন পুড়িয়েছে তা ইসরাইলী বাহিনীর বর্বরতাকেও হার মানায়। ঢাকাসহ সারাদেশে তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা পাকিস্তানি সেনাবাহিনীর নির্মমতাকেও হার মানায়।”

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এ প্রতিবাদ সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও বক্তব্য দেন।

হেফাজতে ইসলামকে ‘পরগাছা’ আখ্যায়িত করে তিনি বলেন, “তাদের নিয়ে আলোচনা যতো কম হয়, ততোই ভাল। বিএনপি-জামায়াত তাদের জন্ম দিয়েছিল ফায়দা হাসিলের জন্য।”

‘হেফাজত এখন মৃত্যুযন্ত্রণা ভোগ করছে’ মন্তব্য করে কামরুল বলেন, “পরগাছা কখনো বাঁচতে পারে না।”

সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, বিএনপি-জামায়াত ও হেফাজত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা অাইএসআইয়ের অর্থে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

“আইএসআই এদেশে একটা পুতুল সরকার বসিয়ে দেশকে মাটির সাথে মিশিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত।”

আন্দোলনের নামে সব ধরনের ‘ধ্বংসাত্মক’ কর্মকাণ্ড থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

“তা না হলে সরকার কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করবে। যে যত বড় নেতাই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। এর মধ্যে অনেকেই ভেতরে ঢুকে গেছেন।”

বিরোধী দলের এ ধরনের কর্মকাণ্ডের কারণেই সরকার ‘হার্ডলাইনে’ যেতে বাধ্য হয়েছে মন্তব্য করে কামরুল বলেন, “এই অবস্থান থেকে আমরা আর সরে আসব না।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন বক্তব্য দেন ।