২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের তাণ্ডব: নারায়ণগঞ্জে আরো দুই মামলা

হেফাজতের সঙ্গে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আরো দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 01:39 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

ঘটনার চারদিন পর শুক্রবার দুপুরে হত্যা, গাড়ি পোড়ানো ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলা করেন বিজিবি পিলখানার জেসিও সুবেদার মোহাম্মদ আলী।

বাস পুড়ানোর অভিযোগে অন্য মামলাটি করেন পরিবহন ব্যবসায়ী আব্দুল মান্নান।

এ নিয়ে এ ঘটনায় সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে মোট ১২টি মামলা দায়ের করা হল।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, বিজিবির মামলায় অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অপরদিকে পরিবহন মালিকের মামলায় বিএনপি-জামায়াতের ২৭ জনের নামোল্লেখ করে আরো অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এখন পর্যন্ত কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি।

গত সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হেফাজতের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে বিজিবি-পুলিশসহ ১৯ জন নিহত হয়। আহত হয় শতাধিক। আগুন দেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীরসহ ১০টি গাড়িতে। ভাংচুর করা হয় অর্ধশতাধিক যানবাহন।

পরদিন সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে তিনটি, র‌্যাব একটি এবং ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী আরো একটি মামলা করেন।

এছাড়া সোনারগাঁও থানায় পুলিশ বাদী হয়ে তিনটি ও ক্ষতিগ্রস্থ দুই ব্যবসায়ী আরো দুটি মামলা দায়ের করেন।